বাংলাদেশ, জেলার সংবাদ

পটুয়াখালীতে বাবাসহ ৫ জনের বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পটুয়াখালীর সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের বাজারগোনা এলাকায় জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে রিপন কাজী (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের দাবি, এই হত্যাকাণ্ডে তাঁর বাবা মিজানুর কাজীসহ পাঁচজন জড়িত।

মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ১১টার দিকে মহিষকাটা বাজারের উত্তর পাশের বাজারগোনা এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহতের বোন রাহিমা বেগম জানান, পারিবারিক বিরোধের কারণে বাবা ও চাচাতো ভাইয়েরা মিলে রিপন কাজীর ওপর অতর্কিত হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

 

নিহতের ভাই রাব্বি কাজী জানান, পারিবারিক জমি বিক্রি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই দ্বন্দ্বের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে এবং এতে তাদের বাবার সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী রাজিব কাজী জানান, তারা মোটরসাইকেলে করে যাওয়ার সময় কয়েকজন পথরোধ করে রিপন কাজীর ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে রাজিব পাশের একটি খালে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও রিপন হামলাকারীদের শিকার হন। স্বজনদের অভিযোগ অনুযায়ী, এই হামলায় রিফাত কাজী, রাসেল কাজী, মনির কাজী, সোহাগ কাজী ও মিজানুর কাজী জড়িত ছিলেন।

 

পটুয়াখালী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রিপন কাজীর মৃত্যু হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের সুস্পষ্ট চিহ্ন পাওয়া গেছে।

 

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহতের মরদেহ বর্তমানে পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতের মূল বাড়ি বরগুনার আমতলী উপজেলায়, তবে ঘটনাটি সদর উপজেলার মহিষকাটা বাজারসংলগ্ন বাজারগোনা এলাকায় ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন