জেলার সংবাদ

পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

Shovon Mondal

ডিবিসি নিউজ

বুধবার ২৯শে জুলাই ২০২৬ ০৮:৫০:০৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পটুয়াখালী শহরের লতিফ স্কুল রোড এলাকায় সিমেন্টবাহী টমটমের ধাক্কায় হোসনেয়ারা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। আজ ২৯ জুলাই বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বামী মো. ফারুক শরীফ জানান, ভাড়া বাসা দেখার জন্য তাঁর স্ত্রী ছোট মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। লতিফ স্কুল রোড এলাকায় সড়কের পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে একটি সিমেন্টবাহী টমটম এসে তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।


ফারুক শরীফ বলেন, ‘আমার স্ত্রী ছোট মেয়েকে নিয়ে ভাড়া বাসা দেখতে বাইরে বের হয়েছিল। পেছন থেকে টমটম এসে তাকে ধাক্কা দিয়ে গায়ের ওপর উঠে যায়।’
পরে স্থানীয়রা টমটমের চালককে আটক করে পুলিশে খবর দেন। গুরুতর আহত অবস্থায় হোসনেয়ারা বেগমকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে দুর্ঘটনাজনিত আঘাতের চিহ্ন রয়েছে।


পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল থেকে টমটম ও চালককে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


নিহত হোসনেয়ারা বেগমের স্বামী ও তিন সন্তান রয়েছে।

 

ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন