পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মাজেদ আল খতিব (৭৩) নামে এক সিরীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে ভেতর থেকে দরজা বন্ধ থাকা একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাজেদ আল খতিব সিরিয়ার নাগরিক হলেও বাংলাদেশি দ্বৈত নাগরিকত্ব ছিল। তিনি দীর্ঘদিন ধরে পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে তাকে খাবার দিতে গিয়ে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান সংশ্লিষ্ট ব্যক্তি। পরে বিষয়টি বাড়ির মালিককে জানানো হলে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। এ সময় খাটের ওপর মাজেদ আল খতিবকে পড়ে থাকতে দেখা যায়। পরে শারীরিক পরীক্ষা করে পুলিশ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
বাড়ির মালিক কে এম শাহাদাত খান বলেন, মাজেদ আল খতিব দীর্ঘদিন ধরে তার বাসায় ভাড়া থাকতেন। তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতেন এবং ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। মাঝে মাঝে তার পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে আসতেন। শুক্রবার তাকে খাবার দিতে গিয়ে দরজা বন্ধ দেখতে পেয়ে বিষয়টি তাকে জানানো হয়। পরে তিনি এসে দরজা বন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মাজেদ আল খতিব দ্বৈত নাগরিক ছিলেন। তার বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র রয়েছে এবং বাংলাদেশে তার পরিবারও রয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। তার ছেলে পটুয়াখালীতে এসেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/এফএইচআর