পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সালিশকে কেন্দ্র করে বিরোধের জেরে এক যুবককে তাঁর চাচাতো ভাই ছুরিকাঘাতে হত্যা করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক পৌনে ১১টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাচারিকান্দা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কাচারিকান্দা বাজারে স্থানীয় ইউপি সদস্য মিজানুর দেওয়ানের কার্যালয়ে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে একটি সালিশ বসেছিল। সেই সালিশে দুলাল মোল্লা, তাঁর বাবা কাঞ্চন মোল্লা এবং চাচাতো ভাই শহীদুল্লাহ মোল্লা উপস্থিত ছিলেন। সালিশ চলাকালে শহীদুল্লাহ মোল্লা দুলাল মোল্লার বাবার পক্ষে কথা বলেন, যা নিয়ে দুলাল ও শহীদুল্লাহর মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
সালিশ শেষে রাতে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যান। অভিযোগ রয়েছে, ওই ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে দুলাল মোল্লা বাড়িতে গিয়ে একটি ছুরি নিয়ে ওঁৎ পেতে থাকেন। রাতে শহীদুল্লাহ মোল্লা বাড়িতে ঢোকার সময় পেছন থেকে তাঁকে অতর্কিত ছুরিকাঘাত করা হয়। পিঠে গুরুতর আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
শহীদুল্লাহ মোল্লার চিৎকারে স্বজনেরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত দুলাল মোল্লা পালানোর চেষ্টায় পাশের একটি পুকুরে নেমে অবস্থান নেন। পরে স্থানীয় লোকজন তাঁকে সেখান থেকে তুলে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুলালকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে গুরুতর আহত অবস্থায় শহীদুল্লাহ মোল্লাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানিয়েছেন, নিহতের মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এই ঘটনায় অভিযুক্ত দুলাল মোল্লাকে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবিসি/আরএসএল