পটুয়াখালীর কলাপাড়ায় লোকালয় থেকে একটি ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ এবং একটি দেড় ফুট দৈর্ঘ্যের কাল নাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা পৃথক দুটি গ্রাম থেকে সাপ দুটি উদ্ধার করেন।
জানা গেছে, মঙ্গলবার সকালে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের কৃষক নীলকান্তের বাড়িতে জালে পেঁচানো অবস্থায় বিশাল আকৃতির দাঁড়াশ সাপটি দেখতে পাওয়া যায়। অন্যদিকে, পশ্চিম সেনাতলা গ্রামের মাসুদ মোল্লার বসতবাড়ি থেকে উদ্ধার করা হয় কাল নাগিনী সাপটি। বেলা এগারোটার দিকে সাপ দুটিকে চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসা হলে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।
উদ্ধার হওয়া সাপ দুটির মধ্যে কালচে বাদামী বর্নের দাঁড়াশ সাপটি সম্পূর্ণ নির্বিষ এবং সবুজ ও হলুদের মাঝে লাল-কালো ডোরাকাটা বর্নের কাল নাগিনী সাপটি মৃদু বিষধর বলে নিশ্চিত করেন এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান জানান, সংগঠনের হটলাইনে খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছে সাপ দুটি উদ্ধার করেন। তিনি বলেন, ‘উদ্ধারকালে সাপ দুটি কিছুটা আঘাতপ্রাপ্ত হওয়ায় সেগুলোকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। সাপগুলো পুরোপুরি সুস্থ ও সচল হয়ে উঠলে দ্রুতই কোনো সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।’
ডিবিসি