ঢাকা থেকে পটুয়াখালীগামী ‘সুন্দরবন-৯’ লঞ্চ থেকে নদীতে পড়ে যাওয়া এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়েছে। এক সহযাত্রীর অসীম সাহসিকতা ও তাৎক্ষণিক উদ্যোগে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন ওই নারী।
জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) রাতে যাত্রাপথে হঠাৎ করেই ওই বৃদ্ধা লঞ্চ থেকে নদীতে পড়ে যান। ঠিক কীভাবে তিনি পানিতে পড়ে গেলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি টের পাওয়া মাত্রই লঞ্চের এক যাত্রী নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাঁকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। তিনি সাঁতরে গিয়ে পানিতে ভাসতে থাকা ওই বৃদ্ধাকে ধরে ফেলেন। পরবর্তীতে লঞ্চের অন্যান্য যাত্রীদের সহায়তায় তাঁকে নিরাপদে উদ্ধার করে লঞ্চে তোলা হয়।
নদী থেকে উদ্ধারের পর ওই নারীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নিজের জীবনের মায়া ত্যাগ করে আরেকজনের জীবন বাঁচানোর এমন সাহসী ও মানবিক উদ্যোগে লঞ্চের অন্যান্য যাত্রীরা মুগ্ধতা প্রকাশ করেন। তাঁরা এই বীরত্বপূর্ণ কাজটির ভূয়সী প্রশংসা করেন এবং এটিকে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেন।
ডিবিসি/পিআরএএন