পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের চান্দের হাট খোলা এলাকায় স্লুইসের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া গজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামীম মোল্লার মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, সুমাইয়া তার মায়ের সঙ্গে অটোরিকশায় করে কলাগাছিয়া থেকে আমখোলায় নানাবাড়িতে যাচ্ছিল। পথে চান্দের হাট খোলা এলাকায় স্লুইসের পাশে অটোরিকশার চাকার সঙ্গে তার ওড়না পেঁচিয়ে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সুমাইয়ার মৃত্যু হয়।
কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. আল হেলাল সিকদার ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।