পটুয়াখালীর কলাপাড়ায় এক অসহায় ভিক্ষুকের কাছে কম দামে ওষুধ বিক্রি করার কারণে ‘প্রগতি মেডিকেল হল’ নামের একটি ফার্মেসি এক দিনের জন্য বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কেমিস্ট অ্যান্ড ড্রাগস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে এক ভিক্ষুক ভিটামিন সিরাপ কিনতে ওই ফার্মেসিতে যান। প্রয়োজনীয় অর্থ না থাকায় ফার্মেসির পরিচালক সুদীপ্ত মানবিক বিবেচনায় ৩৫০ টাকা মূল্যের ওই ওষুধ মাত্র ১০০ টাকায় তার কাছে বিক্রি করেন। বিষয়টি জানাজানি হলে ওইদিন বিকেলে সমিতির পক্ষ থেকে দোকানটি এক দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে ফার্মেসির মালিক সুদেব পাল বলেন, একজন অসহায় মানুষ ওষুধ নিতে এসেছিলেন। ওষুধের গায়ে ৩৫০ টাকা লেখা থাকলেও তিনি ১০০ টাকা নিয়েছেন। আর এ কারণেই তাকে এক দিনের জন্য দোকান বন্ধ রাখতে বলা হয়।
তবে স্থানীয় কেমিস্ট অ্যান্ড ড্রাগস অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম খলিল এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, যে ওষুধটি বিক্রি করা হয়েছে সেটি ‘মিডফোর্ড’-এর, যা স্থানীয়ভাবে বিক্রির অনুমোদন নেই। মূলত সমিতির নিয়ম ভঙ্গ করার কারণেই এক দিনের জন্য দোকানটি বন্ধ রাখতে বলা হয়েছিল এবং পরবর্তীতে আলোচনার মাধ্যমে তা খুলে দেওয়া হয়েছে।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এ ধরনের মানবিক উদ্যোগে বাধা দেওয়ার তীব্র সমালোচনা করছেন। তাদের মতে, এ ধরনের ঘটনা সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতাকে নিরুৎসাহিত করবে।
ডিবিসি/আরএসএল