পটুয়াখালীতে এক লাখ টাকার জাল নোট রাখার মামলায় মো. শামীম হোসেন (৩৫) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শামীম হোসেন পটুয়াখালীর দুমকি উপজেলার জলসা এলাকার বাসিন্দা। তিনি মো. সোহরাব হোসেনের ছেলে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন জানান, ২০২০ সালে গলাচিপা এলাকায় গরু কেনার সময় শামীম হোসেনকে এক লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫এ/বি ধারায় মামলা দায়ের করা হয়। পরে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
তিনি আরও জানান, মামলার বিচারকাজে এজাহারকারী এসআই নজরুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামানসহ মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য আদালতে উপস্থাপন করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন বলেন, দীর্ঘদিন ধরে বিচারাধীন মামলাগুলোর নিষ্পত্তির মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি দূর করার যে প্রচেষ্টা চলছে, এই রায় তারই একটি অংশ। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫এ/বি ধারায় জাল নোট রাখা, বহন, ব্যবহার বা প্রচারের অপরাধে দোষী সাব্যস্ত হলে কঠোর শাস্তির বিধান রয়েছে।
ডিবিসি/এসএফএল