জেলার সংবাদ

পটুয়াখালীতে ট্রলার থেকে ১৭ কচ্ছপ উদ্ধার, নদীতে অবমুক্ত

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত স্টিল ট্রলার থেকে ১৭টি জীবিত কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। এ ঘটনায় রেজাউল মৃধা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খেওয়াঘাটসংলগ্ন পানবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

 

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রীর নেতৃত্বে বন বিভাগের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি ইঞ্জিনচালিত স্টিল ট্রলারে তল্লাশি চালানোর সময় পাটের বস্তাসহ পালানোর চেষ্টা করেন রাঙ্গাবালী উপজেলার মরাজাঙ্গী গ্রামের রেজাউল মৃধা। পরে তাকে আটক করা হয়।

 

অভিযানে ট্রলার থেকে ১৭টি জীবিত কচ্ছপ উদ্ধার করা হয়। বন বিভাগের হিসাবে, উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মোট ওজন আনুমানিক ১০ কেজি এবং বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল মৃধা কচ্ছপগুলো বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে বন বিভাগ।

 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, এ ঘটনায় আটক রেজাউল মৃধার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এজাহার দায়ের করা হয়েছে।

 

তিনি জানান, উদ্ধার হওয়া ১৭টি কচ্ছপ পরবর্তীতে নদীতে অবমুক্ত করা হয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন