এলজিইডির ভুলে সমালোচনা

পটুয়াখালীতে দুই লাখ টাকায় টয়লেট নির্মাণ, ফলকে দুই কোটি লেখায় তোলপাড়!

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই মে ২০২৬ ০১:৩৪:৫৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি টয়লেট নির্মাণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মসজিদের পাশে নির্মিত ওই টয়লেটের নামফলকে নির্মাণ ব্যয় প্রায় দুই কোটি টাকা উল্লেখ থাকায় বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মূলত নামফলক তৈরিতে অঙ্কের ভুল হওয়ায় বিভ্রান্তি ও তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

জানা যায়, উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে ইদু হাওলাদার বাড়ির সামনে মুসল্লিদের ব্যবহারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে এই টয়লেটটি নির্মাণ করা হয়। ২০২৪–২৫ অর্থবছরের রাজস্ব তহবিলের আওতায় প্রকল্পটির প্রকৃত ব্যয় ছিল ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ দশমিক ৯৩ টাকা। কিন্তু নামফলক প্রিন্ট করার সময় ভুলবশত সেখানে ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৩ টাকা লেখা হয়। এই ভুল তথ্যের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকে এটিকে সরকারি অর্থের অপচয় ও ব্যাপক অনিয়ম হিসেবে ধরে নিয়ে কড়া সমালোচনা শুরু করেন।

 

এই বিষয়ে স্থানীয় মসজিদ কমিটির সভাপতি আব্দুল করিম হাওলাদার জানান, ফলকে প্রায় দুই কোটি টাকা লেখা দেখে তারা নিজেরাও হতবাক হয়েছিলেন। অন্যদিকে, বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান ফিরোজ বলেন, প্রিন্টিংয়ের সময় এমন ভুল হতেই পারে, কিন্তু সত্যতা যাচাই না করে বিষয়টিকে অতিরঞ্জিতভাবে ছড়ানো অনুচিত হয়েছে।

 

বাউফল উপজেলা প্রকৌশলী আরজুরুল হক বিষয়টি পরিষ্কার করে জানান, প্রকল্পটির প্রকৃত ব্যয় প্রায় দুই লাখ টাকাই। প্রিন্টিংয়ের ভুলের কারণে নামফলকে দুই কোটি টাকা লেখা হয়েছিল। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পরই দ্রুত ওই নামফলক সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন