পটুয়াখালীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসে সময়ানুবর্তিতা নিশ্চিত করতে কর্তৃপক্ষের নেওয়া কঠোর পদক্ষেপে দেরিতে এসে বিপাকে পড়েছেন এক কর্মচারী। নির্বাহী প্রকৌশলী হোসেন আলী মীরের নির্দেশে প্রতিদিন সকাল ৯টা ১৫ মিনিট বাজার সাথে সাথেই অফিসের মূল ফটকসহ ভবনের সব দরজা তালাবদ্ধ করে দেওয়া হচ্ছে।
সরেজমিনে এলজিইডি অফিসে গিয়ে দেখা যায়, মূল ফটকে তালা ঝুলিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা অবস্থান করছেন। সংশ্লিষ্টরা জানান, নির্বাহী প্রকৌশলীর কঠোর নির্দেশনায় সকাল ৯টা ১৫ মিনিটের মধ্যে যারা অফিসে প্রবেশ করেন, কেবল তারাই হাজিরা খাতায় সই করতে পারছেন। এর পরে আসা কাউকে আর হাজিরা দিতে দেওয়া হচ্ছে না। তবে সেবাগ্রহীতা ও ঠিকাদারদের কাজের সুবিধার্থে সকাল ১০টার দিকে পুনরায় ফটকটি খুলে দেওয়া হয়।
নির্ধারিত সময়ের ১৫ মিনিট পরে আসায় অফিসে ঢুকতে না পারা উপ-সহকারী প্রকৌশলী শাহজাহান হোসেন বাপ্পি জানান, নাস্তা করতে গিয়ে তার কিছুটা দেরি হয়ে গেছে। তবে প্রশাসনের এই কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, এমন উদ্যোগের ফলে কর্মকর্তারা সময়মতো অফিসে আসতে বাধ্য হচ্ছেন।
এ প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী হোসেন আলী মীর জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টার মধ্যে সবার অফিসে উপস্থিত থাকার কথা। সেই নিয়ম বাস্তবায়নেই তিনি এই ব্যবস্থা নিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, গতকাল ও আজ সকাল ৯টা ১৫ মিনিটে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে বিলম্বকারীরা হাজিরা দিতে না পারেন। ইতোমধ্যে দেরিতে আসা কর্মকর্তাদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে এবং আজ যারা নির্ধারিত সময়ের পর এসেছেন, তাদের বিরুদ্ধে লিখিতভাবে শোকজ নোটিশ জারি করা হবে।
ডিবিসি/আরএসএল