পটুয়াখালীর বাউফল উপজেলায় এশার নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে ইজিবাইকের ধাক্কায় মো. মুসা (৫০) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি থেকে এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন মো. মুসা। এ সময় কালিশুরি-বাউফল সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. মুসা উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর গ্রামের বাসিন্দা ইউনুস মিয়ার ছেলে। তিনি নুরাইনপুর অগ্রণী বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক ছিলেন। প্রায় ২৬ বছর ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক শিশু পুত্রসহ অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈম শিকদার জানান, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হলেও প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/এফএইচআর