পটুয়াখালীর বাউফল উপজেলায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাউফল-ঢাকা মহাসড়কের আফসার গ্যারেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী দশমিনা উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘বাউফল ট্রাভেলস’ নামের যাত্রীবাহী বাসটি পথে আফসার গ্যারেজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। অতিরিক্ত গতির কারণে বাসটি সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক কর্মী নিহত হন। দুর্ঘটনায় নিহত ব্যক্তির কোমরের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহত অন্তত ১০ জনের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দুর্ঘটনার কারণ সম্পর্কে স্থানীয় বাসিন্দা ওয়াহিদুজ্জামান স্বপন বলেন, অনেক সময় এসব বাসের নিচের বক্সে অতিরিক্ত মালামাল বহন করা হয়, যার ফলে গাড়ির ভারসাম্য নষ্ট হয়। অতিরিক্ত মালামাল ও বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বাসটিতে ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। এর মধ্যে একজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত একজনকে বরিশালে পাঠানো হয়েছে।
ডিবিসি/কেএলডি