বাংলাদেশ, জেলার সংবাদ

পটুয়াখালীতে বিয়ের অনুষ্ঠানে মুরগির রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৩

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পটুয়াখালীর বাউফলে একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মুরগির রোস্ট চাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বাকবিতণ্ডা একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) দুপুর প্রায় ৩টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের মোল্লা বাড়ির পোল এলাকায় মোহন ও বিথী আক্তারের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২)। তাদের মধ্যে রাসেল মোল্লা চোখের পাশে গুরুতর আঘাত পান।

 

স্থানীয় সূত্র জানায়, বিয়ের ভোজে খাবার পরিবেশনের সময় ছেলে পক্ষের আলম প্যাদা কনের চাচা রাসেল মোল্লার কাছে অতিরিক্ত একটি মুরগির রোস্ট চান। এ সময় রোস্টের পরিবর্তে অন্য মাংস পরিবেশন করা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

সংঘর্ষে আহতদের উদ্ধার করে স্থানীয়রা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রাসেল মোল্লার চোখের পাশে আঘাতের চিকিৎসা দেওয়া হয়।

 

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, রাসেল মোল্লার বাম চোখের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

 

কনের মামা বাবলু আকনের দাবি, রোস্ট চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে আলম প্যাদার পক্ষ থেকে হামলা চালানো হলে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাইনি। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন