পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় মাঠে গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ ওই গ্রামের শাহ আলম মজুমদারের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের ফসলি জমিতে গরু চরাতে যান সৌরভ। এ সময় হঠাৎ আকাশে মেঘ জমে বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানিয়েছে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই যুবক মাত্র এক সপ্তাহ আগে বাবা হয়েছিলেন। তার এমন আকস্মিক মৃত্যুতে স্ত্রী ও নবজাতক সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি। মর্মান্তিক এ ঘটনায় গোটা এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, সকালে বজ্রপাতের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্তে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।
ডিবিসি/আরএসএল