পটুয়াখালীর বাউফলে রমিজ মৃধা নামে এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। হামলায় তার হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরকচুয়া গ্রামের বেল্লাল মল্লিকের দোকানের কাছে এ হামলার ঘটনা ঘটে।
আহত রমিজ মৃধা চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং ওই এলাকার মৃত পঞ্চম আলী মৃধার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনার সময় রমিজ ওই এলাকায় দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন। এমন সময় প্রতিবেশী জিসান মৃধা (২০) হঠাৎ সেখানে উপস্থিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে রমিজের হাতসহ শরীরের বিভিন্ন স্থান গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয়দের দাবি, কয়েকদিন আগে জিসানকে মাদক সেবনের কারণে বকাঝকা করেছিলেন রমিজ। এরপর গত মঙ্গলবার ৫০ হাজার টাকা চুরির অভিযোগে জিসানকে মারধরও করা হয়। মূলত ওই ঘটনার জের ধরেই এই হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মামুনুর রশিদ বলেন, ‘আহত যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের পাশাপাশি হাতের রগ ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দেওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়েছে। সেখানে তার অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।’
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ডিবিসি/এমএনকে