জেলার সংবাদ

পটুয়াখালীতে মেয়েকে ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে জখমের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পটুয়াখালীর বাউফলে পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার বাবাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন ওই গ্রামের রাসেল সিকদার। এ ঘটনায় আরাফাত হোসেন (১৫) নামে এক কিশোরসহ কয়েকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন তিনি। আরাফাত একই গ্রামের কবির খানের ছেলে।


আহত রাসেল সিকদারের অভিযোগ, তার মেয়ে শাপলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়া-আসার পথে আরাফাত বিভিন্ন সময় তার মেয়েকে উত্ত্যক্ত করত। বিষয়টি নিয়ে প্রতিকার চেয়ে তিনি সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাকে জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করার পর বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয় আরাফাত।


রাসেল বলেন, বুধবার (১৯ আগস্ট) রাতে তিনি বাড়ির কাছের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় আগে থেকে সেখানে অবস্থান করা আরাফাত ও কাওসারের নেতৃত্বে সাত-আট জনের একটি দল তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।


পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রাসেলকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।


হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত রাসেলের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।


এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন