পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এলাকায় একটি নতুন নির্মিত সেফটি ট্যাংকিতে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৭ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চৌদ্দবুড়িয়া এলাকার শিকদার বাড়ির আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে মোহাম্মদ নূহু (২৫) এবং একই এলাকার মোহাম্মদ আশরাফ চৌকিদার ওরফে আশরাফ মোল্লা (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার একটি বাড়ির বাথরুমের জন্য নবনির্মিত সেফটি ট্যাংকির ভেতরে কাজ করছিলেন মোহাম্মদ নূহু। কাজের একপর্যায়ে তিনি ভেতরেই অসুস্থ হয়ে পড়ে যান। তাকে উদ্ধার করার জন্য আশরাফ মোল্লা ট্যাংকির ভেতরে নামলে তিনিও সেখানে অচেতন হয়ে পড়েন।
পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা ট্যাংকির একটি অংশ ভেঙে দুজনকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। তবে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা, নবনির্মিত ট্যাংকির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানানো হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহের পর এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/টিবিএ