জেলার সংবাদ, আইন ও কানুন

পটুয়াখালীতে হাঁস তাড়া করার অভিযোগে মালিকের সামনেই ২ কুকুরকে পিটিয়ে হত্যা

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে হাঁসকে তাড়া করার অভিযোগে মালিকের সামনেই তার ২ পোষা কুকুরকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মঞ্জু ও জহিরুল ইসলাম নামে দুই ব্যক্তির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে ইউনিয়নের খেজুরতলা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন কুকুর দুটির মালিক জাহাঙ্গীর।

 

জাহাঙ্গীর বলেন, প্রায় ৪ বছর ধরে আমি কুকুর ২টি পালন করে আসছিলাম। এর আগে কুকুর ২টি কখনো কারও বাড়িতে গিয়ে কোনো ধরনের হামলা বা ক্ষতি করেনি। বৃহস্পতিবার সকালে মঞ্জু ও জহিরুল ইসলাম কুকুর ২টি তাদের হাঁস তাড়া (হাঁসের সঙ্গে লড়াই) করেছে এমন অভিযোগ এনে গাছের সঙ্গে বেঁধে মারধর শুরু করেন।

 

তিনি আরও অভিযোগ করেন, ঘটনাস্থলে উপস্থিত থেকে কুকুর ২টি না মারার জন্য অনুরোধ করলেও তার কথা শোনা হয়নি। তার সামনেই কুকুর ২টিকে পিটিয়ে রক্তাক্ত করে হত্যা করা হয়।

 

এ বিষয়ে আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিম হাওলাদার বলেন, বোবা প্রাণী এমন কী অপরাধ করেছে যে তাদের পিটিয়ে মারতে হবে? বিষয়টি আমার কাছে খুবই খারাপ লেগেছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ আমার কাছে কোনো অভিযোগ করেনি। অন্যভাবে আমি জেনেছি যে কুকুর দুটিকে পিটিয়ে মারা হয়েছে।

 

এ ঘটনায় কুকুর দুটির মালিক জাহাঙ্গীর অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মঞ্জু ও জহিরুল ইসলামকে মুঠোফোনে বার বার কল করেও তাদের বক্তব্য জানা যায়নি।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন