পটুয়াখালীর কলাপাড়ায় ছয়টি ছানা রেখে ‘টমি’ নামের একটি পোষা মা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নুরুল হক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট গ্রামে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে মা হারিয়ে ছানাগুলো এখন দিশেহারা অবস্থায় রয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বাদুরতলী বাঁধঘাট গ্রামের গৃহিণী নাসরিন নাহার বলেন, গত ৭ বছর ধরে কুকুরটিকে সন্তানের মতো লালন-পালন করে আসছিলেন। আদর করে নাম রেখেছিলেন ‘টমি’। মাসখানেক আগে টমি ছয়টি ছানার জন্ম দেয়।
তিনি অভিযোগ করেন, প্রতিবেশী নুরুল হকের দুটি হাঁসের বাচ্চা কামড়ে মারার অজুহাতে তিনি টমিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন এবং পরে সেটিকে মাটিচাপা দেন। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে নাসরিন নাহারের মেয়ে ইলাকেও মারধর করা হয়েছে।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত নুরুল হক পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে, কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মকরুফ বিল্লাহ খান জানিয়েছেন, কোনো অবুঝ প্রাণীকে এভাবে পিটিয়ে মারা আইনত দণ্ডনীয় অপরাধ। ভুক্তভোগী মালিক থানায় অভিযোগ করলে পুলিশি প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
ডিবিসি/এএমটি