জাতীয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুসরণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে তিনি এই পদত্যাগপত্র জমা দেন।

স্পিকার এরই মধ্যে পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন এবং এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলন ডেকেছেন।

 

সংবিধানের ৫৪ অনুচ্ছেদের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় এখন থেকে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

 

সংবিধানের ১২৩ (২) অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। একই সঙ্গে ৪৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যদের ভোটেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হন।

 

গত কয়েক দিন ধরেই রাজনীতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন চলছিল। বিশ্বস্ত সূত্রগুলো আগেই জানিয়েছিল যে, তিনি পদত্যাগের জন্য মানসিকভাবে প্রস্তুত। এমনকি গত বৃহস্পতিবার বঙ্গভবনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি নিজের বিদায়ের প্রস্তুতির কথাও জানিয়েছিলেন।

 

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ এপ্রিল তিনি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। পাঁচ বছরের মেয়াদ অনুযায়ী ২০২৮ সালের এপ্রিলে তার দায়িত্ব শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই তিনি পদত্যাগ করলেন।

 

মূলত ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই রাষ্ট্রপতি পদে তার থাকা নিয়ে নানা বিতর্ক শুরু হয়। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও জোরালো হয়। শেষ পর্যন্ত তার পদত্যাগের মধ্য দিয়েই রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে এই পরিবর্তন এল।

আরও পড়ুন