রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে ২৫ কেজি ওজনের একটি বিশাল পাঙ্গাস মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে স্থানীয় জেলে এরশাদ মণ্ডলের জালে মাছটি ধরা পড়ে এবং পরবর্তীতে আড়তে তা ৪৫ হাজার টাকায় বিক্রি হয়।
জেলে এরশাদ মণ্ডল জানান, সোমবার মাঝরাতে তিনি সহযোগীদের নিয়ে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। ভোরে জাল তুলতেই বিশাল আকৃতির এই পাঙ্গাস মাছটি দেখতে পান। পরে বিক্রির জন্য দৌলতদিয়ার রেজাউল মণ্ডলের মৎস্য আড়তে নিলে উন্মুক্ত নিলামে এক হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার টাকায় মাছটি বিক্রি হয়।
ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা নিলাম থেকে মাছটি কিনে নেন। তিনি জানান, বর্তমানে সামান্য লাভে মাছটি বিক্রির জন্য তিনি মুঠোফোনে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এরই সুফল হিসেবে নদীতে এমন বড় আকৃতির পাঙ্গাস মাছ পাওয়া যাচ্ছে।
ডিবিসি/আরএসএল