রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে এক ভয়াবহ দুর্ঘটনায় সৌহার্দ্য পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ নারী ও ৪ পুরুষসহ মোট ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ যাত্রীদের সন্ধানে বর্তমানেও উদ্ধার অভিযান চলছে।
বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটি দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন দিয়ে ফেরিতে ওঠার চেষ্টা করছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, পন্টুনে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সরাসরি গভীর পদ্মায় পড়ে তলিয়ে যায়। বাসে চালক ও সহযোগীসহ প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ-পুলিশ ও সেনাবাহিনী। উদ্ধারকারী জাহাজ হামজা রাত সাড়ে ১২টার দিকে তলিয়ে যাওয়া বাসটি পানি থেকে উপরে তুলে আনতে সক্ষম হয়।
বাসের ভেতর থেকে ১২ জন এবং দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় ২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত ১০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
উদ্ধারকৃত মরদেহগুলো বর্তমানে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিখোঁজ স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও ঘাট এলাকা ভারী হয়ে উঠেছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, আমরা এখন পর্যন্ত ১৪ জনের মৃতদেহ উদ্ধার করেছি। নিখোঁজদের সন্ধানে আমাদের ডুবুরি দল কাজ চালিয়ে যাচ্ছে। বাসের ভেতর আর কেউ আটকে আছে কি না, তা নিশ্চিতে পরীক্ষা করা হচ্ছে।
ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান করছেন। উদ্ধার অভিযান সমাপ্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বাহিনীগুলো কাজ চালিয়ে যাবে বলে জানানো হয়েছে।
ডিবিসি/ এসএফএল