রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় তলিয়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে। দীর্ঘ উদ্ধার অভিযান শেষে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছে জেলা প্রশাসন।
বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর পন্টুনে এই দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহন-এর একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। ঘটনার পরপরই স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে।
বুধবার রাতে রাজবাড়ীর জেলা প্রশাসক (এনডিসি) মো. হাফিজুর রহমান জানান, দীর্ঘ প্রচেষ্টার পর ডুবে যাওয়া বাসটি নদী থেকে টেনে তুলে পন্টুনে রাখা হয়েছে। পুরো বাসটি তল্লাশি শেষ হলে ভেতরে আরও মরদেহ আছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে। যার মধ্যে ৪ জন পুরুষ, ১০ জন নারী এবং ২ জন শিশু রয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘাটে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। নিখোঁজ স্বজনদের সন্ধানে ঘাটে ভিড় করছেন উদ্বিগ্ন মানুষ। বর্তমানে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ এবং জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছেন।
ডিবিসি/ এসএফএল