জেলার সংবাদ

পদ্মা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ৮

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে ‘নিউ গ্রিন লাইন এক্সপ্রেস’-এর একটি যাত্রীবাহী বাস উল্টে ৮ জন আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ঢালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মুন্সিগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রিন লাইন এক্সপ্রেস নামের বাসটি পদ্মা সেতুর ঢালে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। এরপর বাসটি উল্টে যায়।


খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।


আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন-মাগুরা সদর উপজেলার বজলুর রহমানের ছেলে সাইফুল্লাহ (৮০) ও রমজান মোল্লার ছেলে লুৎফর (৬৩); চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদা এলাকার মনিরের ছেলে নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০)। এ ছাড়া মাগুরার মোহাম্মদপুর উপজেলার আলী আফজালের মেয়ে ফাতেমা (৭), শ্রীপুর উপজেলার আজমলের ছেলে সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালী উপজেলার আজিজের ছেলে আরাফাত (১৩) আহত হয়েছেন।


ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পরপরই দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহত যাত্রীদের বাস থেকে বের করে আনা হয় এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন