জাতীয়

পবিত্র আশুরা আজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ ১০ মহররম ১৪৪৮ হিজরি, পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এই দিনটি মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান-খয়রাত ও জিকির-আসকারের মধ্য দিয়ে পালন করছেন।

৬১ হিজরির এই দিনে ইরাকের কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে অটল থেকে তপ্ত রোদে ফোরাতের মরু প্রান্তরে ইয়াজিদ বাহিনীর নৃশংসতায় নির্মমভাবে শাহাদাত বরণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসাইন এবং তাঁর অর্ধশতাধিক সফরসঙ্গী। কারবালার এই মর্মান্তিক ঘটনা মানব ইতিহাসে অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তবে আশুরার গুরুত্ব শুধু কারবালা ট্র্যাজেডিতেই সীমাবদ্ধ নয়; ইসলামের ইতিহাস অনুযায়ী এই দিনেই আল্লাহ তা’আলা হজরত আদম (আ.)-কে দুনিয়াতে পাঠান, আগুনের কুণ্ডলীতে নিক্ষেপের পরও অক্ষত হয়ে ফেরেন হজরত ইব্রাহিম (আ.), নীল নদে ডুবে মৃত্যু হয় অত্যাচারী ফেরাউনের, মাছের পেট থেকে নিরাপদে ফিরে আসেন হযরত ইউনূস (আ.) এবং আল্লাহর নির্দেশে হজরত ইসরাফিল (আ.)-এর ফুৎকারে এই দিনেই কেয়ামত বা মহাপ্রলয় সংঘটিত হবে। ইসলামি চিন্তাবিদ ও ধর্মীয় বিশ্লেষকদের মতে, কারবালার ঘটনা সত্য ও ন্যায়ের জন্য আত্মত্যাগ, মানবিক মর্যাদা রক্ষা এবং আদর্শের প্রতি অবিচল থাকার শিক্ষা যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করে আসছে।

 

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী প্রদান করেছেন এবং পবিত্র আশুরার মহান শিক্ষা ধারণ করে একটি শান্তিপূর্ণ, মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। পবিত্র আশুরা উপলক্ষে আজ সরকারি ছুটি রয়েছে এবং বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি গণমাধ্যমগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে ধর্মীয় আলোচনা, মিলাদ মাহফিল, কোরআনখানি, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শিয়া সম্প্রদায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও শোকাবহ পরিবেশে দিনটি পালনে তাজিয়া মিছিল, শোকসভা ও ধর্মীয় কর্মসূচি পালন করছে। দিবসটি উপলক্ষে আজ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকররমের দক্ষিণ বারান্দায় ‘আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মো. মহিউদ্দিন ও বিশেষ আলোচক ছিলেন ড. মোহাম্মদ হারুনুর রশীদ।

 

এদিকে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলসহ বিভিন্ন শোক কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই সঙ্গে মিছিলে ব্যবহৃত নিশানের উচ্চতা ১২ ফুটের বেশি না হওয়া, কোনো প্রকার ধারালো ধাতব বস্তু, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, লাঠি, ছোরা, তরবারি, বর্শা, ব্যাগ, পোটলা বা সুটকেস নিয়ে অংশগ্রহণ না করা, সন্দেহজনক প্যাকেট বা বক্সসহ প্রবেশে বাধা প্রদান করা, উচ্চমাত্রার শব্দ সৃষ্টিকারী যন্ত্র বা পিএ সিস্টেম ব্যবহার না করা, ঢাক-ঢোল না বাজানো এবং আতশবাজি ও পটকা ব্যবহার থেকে বিরত থাকাসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া আজ ২৬ জুন সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত রুটগুলোতে তীব্র যানজট এড়াতে ও যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মহানগরীর চালক ও সাধারণ জনগণকে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন