ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন। বুধবার (৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে দুদিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান পল কাপুর। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মার্কিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তারা। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নবনির্বাচিত বিএনপি সরকারের আমলে এটিই কোনো শীর্ষ মার্কিন কর্মকর্তার প্রথম বাংলাদেশ সফর।
মার্কিন দূতাবাস সূত্রে জানা যায়, সফরের প্রথম দিন মঙ্গলবার পল কাপুরের কোনো আনুষ্ঠানিক কর্মসূচি না থাকলেও বুধবার সকাল থেকেই তিনি ব্যস্ত সময় পার করছেন। খসড়া সূচি অনুযায়ী, সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের অংশ হিসেবে তিনি পর্যায়ক্রমে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আলাদা বৈঠক করবেন।
এসব বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা এবং বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ওয়াশিংটন ও ঢাকার সম্পর্ক উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিন সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও তার একটি মতবিনিময় সভায় অংশ নেয়ার কথা রয়েছে।
সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক বিশেষ ইফতার অনুষ্ঠানে তার অংশ নেয়ার কথা রয়েছে। সব কর্মসূচি শেষে বৃহস্পতিবার রাতেই পল কাপুরের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
ডিবিসি/আরএসএল