যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর বর্তমানে ঢাকা সফর করছেন এবং বুধবার (৪ মার্চ) সকালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন। সকাল পৌনে ৯টায় মন্ত্রণালয়ে পৌঁছানোর পর তিনি প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকে বসেন। এই বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তার একান্ত আলোচনার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে দুই দেশের রাজনৈতিক বোঝাপড়া, বাণিজ্যিক চুক্তির বাস্তবায়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে মিয়ানমার পরিস্থিতি, রোহিঙ্গা সংকট এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মতো আঞ্চলিক ইস্যুগুলো আলোচনায় প্রাধান্য পেতে পারে। এর আগে মঙ্গলবার রাতে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
পল কাপুরের আজকের ঠাসা সফরসূচিতে আরও রয়েছে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে পৃথক বৈঠক। সন্ধ্যায় তিনি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সম্পর্ককে আরও সুদৃঢ় করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ রক্ষায় নিরাপত্তা ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি করা।
সফরের শেষ দিন বৃহস্পতিবার তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইফতার পার্টিতে যোগ দেবেন।
ডিবিসি/পিআরএএন