ফুটবল

পরিসংখ্যান বলছে স্পেন, হৃদয় বলছে আর্জেন্টিনা!

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

২২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে নিউ জার্সিতে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির এই মহারণ নিয়ে গোটা বিশ্বের ফুটবল ভক্তদের পাশাপাশি প্রাক্তন খেলোয়াড় ও বিশ্লেষকদের মধ্যেও চলছে চুলচেরা বিশ্লেষণ।

একদিকে রয়েছে স্পেনের দুর্দান্ত ফর্ম ও পরিসংখ্যান, অন্যদিকে আর্জেন্টিনার হার না মানা মানসিকতা ও লিওনেল মেসির জাদুকরী উপস্থিতি। দুই মহাদেশের সেরা দুই দলের এই লড়াইকে ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

 

পরিসংখ্যান এবং বিশেষজ্ঞদের একটি বড় অংশের মতে, দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে স্প্যানিশ আর্মাডা। ক্রীড়া ডেটা বিশ্লেষক সংস্থা 'অপটা'-এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ফাইনালে স্পেনের জয়ের সম্ভাবনা ৫৯.৫৬ শতাংশ।

 

ইংল্যান্ডের প্রাক্তন তারকা স্ট্রাইকার মাইকেল ওয়েন স্পেনকে এই টুর্নামেন্টের সবচেয়ে যোগ্য বিজয়ী হিসেবে আখ্যায়িত করে বলেছেন, তাদের হয়তো এককভাবে সেরা খেলোয়াড় নেই, কিন্তু দল হিসেবে তারা অত্যন্ত সাহসী ও বল পায়ে নির্ভীক। সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচও মনে করেন, সেমিফাইনালে ফ্রান্সকে হারানো স্পেনের দলগত পাসিং ফুটবলই ফাইনালে আধিপত্য বিস্তার করবে। এমনকি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জন টেরি লুইস দে লা ফুয়েন্তের স্পেনকে আর্জেন্টিনার চেয়ে অনেক বেশি শক্তিশালী বলে দাবি করেছেন। ২০১০ সালে স্পেনকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক ইকার ক্যাসিয়াসও দলের জার্সিতে দ্বিতীয় তারকার (বিশ্বকাপ জয়ের প্রতীক) ছবি শেয়ার করে শিরোপা জয়ের ব্যাপারে গভীর আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।

 

তবে ফুটবল মাঠে কেবল পরিসংখ্যানই শেষ কথা নয়; মানসিক দৃঢ়তা, ঐক্য এবং জাদুকরী মুহূর্ত অনেক সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আর ঠিক এখানেই স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার অ্যালান শিয়ারারের মতে, অদম্য মানসিকতা ও একতার কারণে স্পেনকে থামানোর সবচেয়ে বেশি সামর্থ্য রয়েছে আলবিসেলেস্তেদের।

 

তিনি মনে করেন, পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে আনার দারুণ ক্ষমতা তাদের রয়েছে এবং দলে মেসির মতো একজন খেলোয়াড় থাকলে শিরোপা জয়ের সুযোগ সবসময়ই থাকে। ইংলিশ ফুটবল বিশেষজ্ঞ মাইকা রিচার্ডস আর্জেন্টিনাকে 'লো-ব্লক ট্রানজিশন'-এর পরামর্শ দিয়ে বলেছেন, জমাট রক্ষণভাগ তৈরি করে বল কেড়ে নেওয়ার পর দ্রুত মেসি, জুলিয়ান আলভারেজ বা লিসান্দ্রো মার্টিনেজের মাধ্যমে প্রতি-আক্রমণে গিয়ে স্পেনের রক্ষণ ভাঙতে হবে।

 

অন্যদিকে, গ্যারি লিনেকার টুর্নামেন্টের আগে স্পেনকে সমর্থন করলেও আর্জেন্টিনার দৃঢ় মানসিকতার কারণে এই ম্যাচের ফলাফলকে 'ফিফটি-ফিফটি' বলে মনে করছেন। তার মতে, মেসির মতো ফুটবল জাদুকরের বিপক্ষে বাজি ধরা সবসময়ই কঠিন।

 

সব মিলিয়ে নিউ জার্সির এই মেগা ফাইনালটি হতে যাচ্ছে ইউরোপীয় দলগত ফুটবল ও লাতিন আমেরিকান অদম্য জেদের এক নিখুঁত প্রদর্শনী। এই উত্তেজনা এতটাই তীব্র যে, খোদ নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কোনো পক্ষ বেছে নিতে রাজি হননি। মজার ছলে তিনি বলেছেন, তিনি যাকে সমর্থন করেন সে-ই হেরে যায়, তাই তিনি শুধু একটি ভালো ম্যাচ উপভোগ করার জন্য মুখিয়ে আছেন। শেষ পর্যন্ত ফাইনালে কার হাসি চওড়া হবে স্পেনের নিখুঁত পরিসংখ্যান ও দলগত ছন্দ, নাকি আর্জেন্টিনার হৃদয় নিংড়ানো লড়াই ও মেসির ম্যাজিক? এই প্রশ্নের চূড়ান্ত উত্তর পেতে গোটা বিশ্বকে অপেক্ষা করতে হবে রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন