প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এমআরআই প্রতিবেদনে ঘাড় ও কোমরে গুরুতর সমস্যার তথ্য পাওয়া গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে ঘটে যাওয়া এক দুর্ঘটনায় তিনি এই আঘাতপ্রাপ্ত হন বলে দাবি করেছেন তার আইনজীবী।
মঙ্গলবার (১২ মে) পলকের আইনজীবী তরিকুল ইসলাম সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর আদালতের নির্দেশে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পলকের এমআরআই করা হয়। সম্প্রতি সেই প্রতিবেদন আইনজীবীদের হাতে পৌঁছেছে।
আইনজীবী তরিকুল ইসলাম বলেন, এমআরআই প্রতিবেদনে দেখা গেছে, পলকের কোমরের এল-২, এল-৩ ও এল-৪ অংশের হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ঘাড়ের সি-৫/৬ এবং সি-৬/৭ ডিস্কেও জটিলতা শনাক্ত হয়েছে।
পলক আগে থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন উল্লেখ করে তার আইনজীবী আরও বলেন, গত শনিবার কারাগারে গিয়ে আমি তার সঙ্গে দেখা করেছি। তিনি ঠিকমতো ঘাড় নাড়াতে পারছেন না। এমআরআই প্রতিবেদনে ঘাড় ও কোমরের গুরুতর সমস্যার বিষয়টি স্পষ্ট হলেও এখন পর্যন্ত তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে না।
সাবেক এই প্রতিমন্ত্রীর সুচিকিৎসা নিশ্চিত করতে শিগগিরই আদালতে আবেদন করা হবে বলেও জানান এই আইনজীবী।
ডিবিসি/এসএফএল