পলিটেকনিক ইনস্টিটিউটের বিদ্যমান চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সের সময়সীমা কমিয়ে তিন বছরে নামিয়ে আনার প্রাথমিক চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনায় আসে। সংশ্লিষ্টদের মতে, এই প্রস্তাবনা বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের এক বছর আগেই তাদের কর্মজীবন শুরু করার সুযোগ পাবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি তার বক্তব্যে উন্নয়ন প্রকল্পগুলো সততা ও দক্ষতার সাথে বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেন এবং অপ্রয়োজনীয় কোনো প্রকল্প গ্রহণ না করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে বিশ্বমানের কারিগরি শিক্ষা নিশ্চিত করতে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে মডেল পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় উঠে আসে যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বর্তমানে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু থাকলেও পূর্বে এটি তিন বছর মেয়াদের ছিল। দীর্ঘমেয়াদি করার পরেও পাঠ্যক্রমে খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি বলে সভায় জানানো হয়। এই প্রেক্ষাপটে কোর্সের মেয়াদ পুনরায় তিন বছর করার সম্ভাব্য ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করেন, মেয়াদ কমানো হলে তা শিক্ষার্থীদের দ্রুত শ্রমবাজারে প্রবেশের পথ সুগম করবে।
ডিবিসি/এফএইচআর