আন্তর্জাতিক নৃত্য দিবস ও পল্লিকবি জসীম উদ্দীনের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হলো 'মায়া বেঙ্গল ইন মোশন'-এর তৃতীয় আয়োজন। এমডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড 'মায়া'-এর যৌথ উদ্যোগে গত ১৭ এপ্রিল আলোকি কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
এবারের আয়োজনটি সাজানো হয়েছিল পল্লিকবির চিরায়ত শিল্পকর্ম 'নকশী কাঁথার মাঠ' অবলম্বনে। অনুষ্ঠানে প্রখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নীপা, শিবলী মোহাম্মদ এবং 'নৃত্যাঞ্চল'-এর পরিবেশনায় রূপাই ও সাজুর মর্মস্পর্শী প্রেম ও বিরহের আখ্যান লোকনৃত্যনাট্যের মাধ্যমে মঞ্চে জীবন্ত হয়ে ওঠে। এই পরিবেশনার কিউরেটর ছিলেন আনিসুল ইসলাম হিরু। সঙ্গীত, নৃত্যকলা ও আখ্যানের সমন্বয়ে বাংলার গ্রামীণ জীবনের সৌন্দর্য তুলে ধরা হয়, যা দর্শকরা মুগ্ধতা নিয়ে উপভোগ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাঈদ। মালিক মোহাম্মদ সাঈদ তাঁর বক্তব্যে বলেন, ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড 'মায়া' বিশ্বমানের ন্যাচারাল প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি সবাইকে নিজস্ব মাটি, সুর ও শেকড়ের গভীরে ফিরে যাওয়ার আহ্বান জানায়। স্থানীয় শিল্পীদের মেধা বিকাশে ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে এই প্ল্যাটফর্মটি কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়।
ডিবিসি/পিআরএএন