পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল হিসেবে শপথগ্রহণ করলেন ভারতের প্রাক্তন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রবীন্দ্র নারায়ণ রবি (আর এন রবি)।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এ ছাড়াও রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে অংশ নেন।
রাজ্যে বিধানসভা ভোটের আগে গত ৫ মার্চ আচমকাই রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন সি ভি আনন্দ বোস। তাঁর স্থলাভিষিক্ত হলেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। ১৯৫২ সালের ৩ এপ্রিল জন্মগ্রহণ করা রবীন্দ্র নারায়ণ রবি ১৯৭৬ ব্যাচের কেরালা ক্যাডারের আইপিএস অফিসার।
প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ভারতের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও ২০২১ সাল থেকে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন। এর আগে নাগাল্যান্ড (২০১৯–২০২১) এবং মেঘালয়ের (অতিরিক্ত দায়িত্ব) রাজ্যপাল হিসেবে কাজ করেছেন। ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত নাগা শান্তি আলোচনায় ভারত সরকারের পক্ষে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন।
নতুন রাজ্যপালের নাম ঘোষণা হওয়ার পর থেকেই কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহ তৈরি হয়েছিল। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তামিলনাড়ু সরকারের সঙ্গে আর এন রবির সংঘাতের প্রসঙ্গ টেনে তাঁকে ‘বিজেপির ক্যাডার’ বলেও কটাক্ষ করেছিলেন তিনি। ধর্মতলার ধর্না মঞ্চ থেকেও প্রাক্তন রাজ্যপালকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী।
তবে বৃহস্পতিবারের শপথগ্রহণ অনুষ্ঠানে সেই তিক্ততা সরিয়ে প্রথা মেনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। শপথ শেষে নবনিযুক্ত রাজ্যপালের সঙ্গে প্রথম আলাপচারিতায় তিনি সৌজন্য বজায় রেখে বলেন, “বাংলাকে যাঁরা ভালবাসেন, বাংলাও তাঁদের ভালবাসে।” রাজনৈতিক মহলের মতে, প্রথম দিনেই মুখ্যমন্ত্রী রাজ্যপালকে স্পষ্ট করে বলেন-বাংলা আর পাঁচটা রাজ্যের থেকে আলাদা। এখন দেখার বিষয় দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন আর এন রবির সঙ্গে নবান্নের আগামী দিনের সম্পর্ক কোন পথে পরিচালিত হয়।
ডিবিসি/এসএফএল