ভারত

পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিজেপি কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে রাজনৈতিক অশান্তি। এই সহিংসতার বলি হলেন হাওড়ার উদয়নারায়ণপুরের এক বিজেপি কর্মী। মঙ্গলবার সকালে উদয়নারায়ণপুরের দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় যাদব বর (৪৮) নামে ওই কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

স্থানীয় ও বিজেপি সূত্রে জানা গেছে, সোমবার রাতে রাজ্যজুড়ে বিজেপির ভালো ফলাফলের খবরে সতীর্থদের সঙ্গে আবির খেলায় মেতেছিলেন উদয়নারায়ণপুরের ১৪৮ নম্বর বুথের বাসিন্দা যাদব বর। উৎসব শেষে রাত ১১টা নাগাদ তিনি যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় একদল দুষ্কৃতী তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয়। চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

 

রক্তাক্ত অবস্থায় যাদবকে উদ্ধার করে দ্রুত উদয়নারায়ণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, সক্রিয়ভাবে বিজেপি করার কারণেই তৃণমূলের রোষানলে পড়তে হয়েছে তাঁকে।

 

খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় একটি খুনের মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে ধৃতের নাম বা রাজনৈতিক পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। পরাজয়ের পর এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে, তবে থমথমে ভাব কাটেনি। সংশ্লিষ্ট এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

 

সূত্র: আনন্দবাজার

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন