আন্তর্জাতিক, ভারত

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে খুলে ফেলা হচ্ছে মন্দির ও মসজিদের মাইক

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৬ই আগস্ট ২০২৬ ০৫:৫৯:৫৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শব্দদূষণ রোধে কড়া পদক্ষেপ নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশ। শব্দদূষণের অভিযোগের ভিত্তিতে রাজ্য জুড়ে মাত্র দুই দিনের অভিযানে প্রায় দেড় হাজার ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মাইক বা লাউডস্পিকার খুলে ফেলা হয়েছে। নির্ধারিত মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টির দায়ে ১ হাজার ২৭৯টি মসজিদ এবং ১৯৯টি মন্দিরকে তাদের লাউডস্পিকার সরিয়ে ফেলতে নির্দেশ দেয় প্রশাসন।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, কোনো ধরনের বৈষম্য ছাড়াই সব ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেই সমানভাবে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্যে প্রথমবারের মতো পরিচালিত এমন অভিযানে উপাসনালয়গুলোর পরিচালনা কমিটিকে তাদের মাইক সরিয়ে ফেলতে এবং শব্দদূষণ বিধি মেনে চলতে উৎসাহিত করছে পুলিশ।

 

পশ্চিমবঙ্গের 'শব্দদূষণ (নিয়ন্ত্রণ ও বিধিমালা) ২০০০' অনুযায়ী, দিনের বেলায় অর্থাৎ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত যেকোনো লাউডস্পিকার ব্যবহার করতে হলে পুলিশের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক। একই সঙ্গে সাউন্ড লিমিটার ব্যবহার করতে হবে এবং শব্দের মাত্রা কঠোরভাবে ৫০ থেকে ৭৫ ডেসিবেলের মধ্যে রাখতে হবে।

 

অন্যদিকে, এই অভিযানের বিষয়ে বেশ কয়েকটি মসজিদ ও মন্দির কমিটির প্রতিনিধিরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের কেবল মৌখিকভাবে লাউডস্পিকার সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য প্রশাসন থেকে তাদের কাছে কোনো লিখিত নির্দেশনামা পাঠানো হয়নি।

 

সূত্র: The Times of India

 

ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন