অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটি ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেবে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া বক্তব্যে মিলিব্যান্ড বলেন, বসতি সম্প্রসারণ ঠেকাতে যুক্তরাজ্য একটি ব্যাপক নিষেধাজ্ঞা ব্যবস্থা চালু করবে। তিনি বলেন, অন্যায় ও মানুষের দুর্ভোগের বিষয়ে শুধু কথা বলে যাওয়ার সুযোগ এখন আর নেই; এর বিরুদ্ধে যুক্তরাজ্যকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মিলিব্যান্ড বলেন, ‘দুই রাষ্ট্রভিত্তিক সমাধান’ ধ্বংস এবং ফিলিস্তিনিদের আরও দুর্ভোগের ক্ষেত্রে যুক্তরাজ্য আর নীরব দর্শক হয়ে থাকবে না। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারত্বকে অবৈধ বলে মনে করে লন্ডন। একই সঙ্গে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের ‘জাতিগত নিধনের’ শিকার করা হচ্ছে বলেও যুক্তরাজ্যের অবস্থান তুলে ধরেন তিনি।
যুক্তরাজ্যের এই পদক্ষেপের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রিটিশ পরিকল্পনার বিরোধিতা করেছেন। একই সঙ্গে ইসরায়েলের দুই মন্ত্রীও যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তবে নিষেধাজ্ঞার ফলে যুক্তরাজ্য ও ইসরায়েলের প্রায় ৬০০ কোটি পাউন্ডের বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা কম। পশ্চিম তীরের বসতি থেকে আসা পণ্য এবং ইসরায়েলে উৎপাদিত পণ্যের মধ্যে কীভাবে পার্থক্য করা হবে, সে বিষয়েও এখনো বিস্তারিত জানানো হয়নি।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল