অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক অভিযান ও ধরপাকড় অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বিভিন্ন এলাকা থেকে শিশুসহ একাধিক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।
জেরুজালেম গভর্নরেটে অভিযান চালিয়ে তিন শিশুসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা। আটক ওই তিন শিশুর বাড়ি দক্ষিণ-পূর্বের আবু দিস শহরে।
জেনিন শহরে চালানো পৃথক অভিযানে এক প্রতিবন্ধী ব্যক্তিসহ তিন ফিলিস্তিনিকে আটক করা হয়। ওই ব্যক্তি এর আগে ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হয়ে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছিলেন।
এদিকে হেবরন গভর্নরেটের বিভিন্ন বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়ে দুজনকে আটক করেছে ইসরায়েলি সেনারা। আটকের সময় ওই দুই ফিলিস্তিনির ওপর সেনারা ব্যাপক শারীরিক নির্যাতন ও মারধর চালায় বলে জানা গেছে।
এছাড়া বেথলেহেমের দক্ষিণে অবস্থিত ধেইশেহ শরণার্থী শিবিরেও অভিযান চালানো হয়। সেখানে একটি বাড়ি ঘেরাও করে তল্লাশির পর এক ফিলিস্তিনি তরুণকে আটক করে ইসরায়েলের সেনারা।
ডিবিসি/এসডব্লিউএন