জাতীয়

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী পহেলা বৈশাখে সারা দেশে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী টাঙ্গাইল সদর উপজেলায় সরাসরি কৃষকদের মাঝে এই কার্ড বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা করবেন।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষক কার্ড প্রণয়ন সংক্রান্ত সেলের এক উচ্চপর্যায়ের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান যে, পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরসহ দেশের মোট ১১টি উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হবে। প্রাথমিক পর্যায়ে এসব উপজেলার ২১ হাজার ৫০০ জন কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।

 

এই কৃষক কার্ড মূলত কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চাষি ও খামারিদের প্রদান করা হবে, যা একটি ব্যাংকিং ডেবিট কার্ড হিসেবেও কার্যকর থাকবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র শ্রেণির কৃষকদের কৃষি উপকরণ ক্রয়ের জন্য বছরে দুই হাজার ৫০০ টাকা করে প্রণোদনা দেওয়া হবে। এই কার্ড ব্যবহার করে কৃষকেরা অতি সহজেই সার, বীজ, কীটনাশক ও পশু খাদ্য ক্রয় করতে পারবেন। টাঙ্গাইল সদর ছাড়াও প্রথম ধাপে পঞ্চগড়ের কমলাপুর ও বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকূপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এই সেবা চালু হচ্ছে।

 

বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই কার্ডের মাধ্যমে দেশের কৃষকদের একটি নির্ভরযোগ্য ডিজিটাল পরিচিতি নিশ্চিত হবে। এর ফলে কৃষি-ভর্তুকি, ঋণ সুবিধা এবং বিভিন্ন সরকারি সহায়তা প্রদান প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর হয়ে উঠবে। বৈঠকে ডিজিটাল পদ্ধতিতে কৃষকদের তথ্য সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন