বাংলাদেশ, জেলার সংবাদ

পহেলা বৈশাখে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে গাইবান্ধায় নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাইবান্ধা সদরে পহেলা বৈশাখের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সাদাদ আহমেদ (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ এলাকায় নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাদাদ আহমেদ রাজশাহীর তেরোখাদিয়া এলাকার সাইফুজ্জামান বাচ্চুর ছেলে। সে গাইবান্ধা শহরের সুন্দরজাহান মোড় এলাকায় খালার বাসায় থেকে স্থানীয় এসকেএস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পহেলা বৈশাখের উৎসবে অংশ নিতে দুপুরে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হয়েছিল সাদাদ। উৎসব শেষে চার বন্ধু মিলে ভেড়ামারা ব্রিজ এলাকায় ঘুরতে গিয়ে ঘাঘট নদীতে গোসল করতে নামে। দুপুর ১টার দিকে নদীতে ডুব দিয়ে সে আর ভেসে ওঠেনি। বন্ধুরা অনেক চেষ্টা করেও তাকে খুঁজে না পেয়ে পরিবার ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর থেকেই শুরু হয় উৎকণ্ঠা আর দীর্ঘ সময় ধরে চলা খোঁজাখুঁজি।


খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় বিকেল ৫টার দিকে নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।


গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রিফাত আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, "খবর পাওয়ার পরপরই আমাদের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। মরদেহ উদ্ধার শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন