খেলার আগে জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানানোর কারণে 'যুদ্ধকালীন দেশদ্রোহী' আখ্যা দেওয়া হয়েছিল তাদের। এরপর আশ্রয় প্রার্থনা করলে, ইরানের নারী ফুটবল দলের সেই পাঁচ সদস্যকে মানবিক ভিসা প্রদান করেছে অস্ট্রেলিয়া।
ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, “এই সাহসী নারীদের দুর্দশা অস্ট্রেলীয়দের গভীরভাবে নাড়া দিয়েছে। তারা এখানে নিরাপদ এবং এই দেশটিকে তাদের নিজেদের ঘরের মতোই মনে করা উচিত।”
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তর দলের এই পাঁচ সদস্যের নাম প্রকাশ করেছে। তারা হলেন- অধিনায়ক জহরা ঘানবারি, মিডফিল্ডার ফাতেমেহ পাসানদিদেহ, জহরা সারবালি আলিশাহ, মোনা হামুদি এবং ডিফেন্ডার আতেফেহ রামাজানিজাদেহ।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, কুইন্সল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন) উইমেন্স এশিয়ান কাপ ২০২৬-এ অংশ নিতে আসা ইরানি দলের বাকি খেলোয়াড়রা বর্তমানে গোল্ড কোস্টের একটি হোটেলে অবস্থান করছেন। তিনি আরও জানান যে, দলের অন্যান্য সদস্যদেরও তিনি অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার সুযোগের প্রস্তাব দিয়েছেন।
সূত্র: আলজাজিরা।
ডিবিসি/কেএলডি