বাংলাদেশ

পাঁচ বছরে ২০ হাজার খাল খনন করা হবে : কক্সবাজারে প্রধানমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির সরকারের পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার খাল খনন করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে কক্সবাজার সদরের পিএমখালী পাতলি খালের পুনঃখনন উদ্বোধন শেষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পাতলি খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রায় ৫০ বছর আগে খনন করেছিলেন। আজ এটি আবার পুনঃখনন করার ফলে এই জনপদের প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবেন। এতে প্রায় ১২ হেক্টর জমিতে পানির সুবিধা নিশ্চিত হবে, প্রায় ১২ শত মেট্রিক টন খাদ্যশস্য বেশি উৎপাদন হবে এবং সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি চাষাবাদের সুবিধা পাবেন। 

 

বিএনপির রাজনীতি মানুষের কল্যাণের জন্য উল্লেখ করে তিনি আরও বলেন, কৃষকদের স্বাবলম্বী করে গড়ে তুলতেই এই খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। এছাড়া আগামী জুলাই মাস থেকে শুরু করে পর্যায়ক্রমিকভাবে এক বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষকের কাছে ‘কৃষক কার্ডের’ সুবিধা পৌঁছে দেওয়া হবে বলে তিনি বাজেট বরাদ্দের বরাতে জানান।

 

এর আগে সকাল ৯টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ঝুম বৃষ্টি উপেক্ষা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহম্মদ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। 

 

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সকাল থেকেই কক্সবাজার শহরের বিমানবন্দর সড়ক, হলিডে মোড়, কলাতলী, সুগন্ধা পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ও চেকপোস্ট বসানো হয় এবং সাধারণ যান চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়।

 

পাতলি খালের মোহনায় পুনঃখনন কাজ উদ্বোধন ও গাছের চারা রোপণ শেষে বেলা সাড়ে ১১টায় পথসভা শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলসহ অন্য নেতারাও এই পথসভায় বক্তব্য রাখেন। বেলা ১১টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য শেষ করেন।

 

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে বেলা ১২টার দিকে পৌঁছে ‘সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন করেন ও পার্কটি ঘুরে দেখেন।

 

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলায় ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দুপুর দেড়টায় নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পরবর্তীতে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোনাজাতে অংশ নেবেন তিনি। সেখানে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে চকরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। 

 

বিকেল ৪টায় চকরিয়া পৌরসভা এলাকায় আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে সন্ধ্যা ৬টায় মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন এবং সফরের শেষ পর্যায়ে রাত ৮টায় কক্সবাজারের কলাতলীস্থ লং বিচ হোটেলে স্থানীয় সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন