খেলাধুলা, ক্রিকেট

পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কলম্বোতে চরম উত্তেজনা আর আকাশছোঁয়া প্রত্যাশা নিয়ে শুরু হওয়া ভারত-পাকিস্তান ম্যাচটি শেষ পর্যন্ত অনেকটাই একপেশে লড়াইয়ে পরিণত হলো। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করল সূর্যকুমার যাদবের দল।

এই জয়ের ফলে ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে শক্ত অবস্থান নিয়েছে ভারত। অন্যদিকে, ৪ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্রের নিচে তিন নম্বরে নেমে গেছে পাকিস্তান, যা তাদের পরবর্তী রাউন্ডে ওঠার সমীকরণকে জটিল করে তুলেছে।
 

১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ভারতীয় বোলিং তোপের মুখে পড়ে পাকিস্তান। ইনিংসের শুরুতেই হার্দিক পান্ডিয়ার আঘাতের পর জাসপ্রিত বুমরাহ তাঁর জাদুকরী স্পেলে সাইম আইয়ুব ও পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাকে ফিরিয়ে দিলে বড় চাপে পড়ে দলটি। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই বাবর আজমের বিদায়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় পাকিস্তান। উসমান খান ৪৪ রানের লড়াকু ইনিংস খেললেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। এছাড়া শাহিন আফ্রিদি ২৩ ও শাদাব খান ১৪ রান করেন। শেষ পর্যন্ত ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারতের শুরুটাও স্বস্তিদায়ক ছিল না। পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন অভিষেক শর্মা। তবে দ্বিতীয় উইকেটে তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণ শুরু করেন ঈশান কিষান। মাত্র ৪০ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলে দলের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন তিনি। তিলক ভার্মা ২৪ ও অধিনায়ক সূর্যকুমার ৩১ রান করে আউট হন। পাকিস্তানের সাইম আইয়ুব ৩টি উইকেট নিলেও নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ভারত।


ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন