আন্তর্জাতিক, ভারত

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেব, এবার সংযম দেখাব না: ভারতীয় সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৩রা অক্টোবর ২০২৫ ০৯:০৫:৪৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারত পাকিস্তানকে তীব্র হুঁশিয়ারি দিয়ে বলেছে, সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ না করলে মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে দেব। শুক্রবার (৩রা অক্টোবর) ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, পাকিস্তান যদি বিশ্বে তার ভৌগোলিক অবস্থান ধরে রাখতে চায়, তবে অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।

রাজস্থানের অনুপগড়ে সেনাবাহিনীর একটি পোস্টে বক্তৃতা দেওয়ার সময় জেনারেল দ্বিবেদী বলেন, “এবার আমরা ‘অপারেশন সিন্দুর ১.০’- এর মতো সংযম দেখাব না। এবার আমরা এমন কিছু করব যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে যে তারা ভূগোলে নিজেদের জায়গা ধরে রাখতে চায় কি না।” তিনি সৈন্যদের প্রস্তুত থাকতে বলেন এবং যোগ করেন, “ঈশ্বর চাইলে, আপনারা শীঘ্রই একটি সুযোগ পাবেন।”

 

জেনারেল দ্বিবেদীর এই হুঁশিয়ারি এমন দিনে এলো, যেদিন ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং জানান যে, গত মে মাসে ‘অপারেশন সিন্দুর’-এর সময় ভারতীয় বাহিনী ৪ থেকে ৫টি পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল, যার মধ্যে মার্কিন F-16 এবং চীনা JF-17 বিমানও ছিল।

পহেলগাঁও সন্ত্রাসী হামলার জবাবে ভারত এই বড় আকারের সামরিক অভিযান চালায়। গত ৭ মে ভারতীয় বাহিনী দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ৯টি সন্ত্রাসী শিবির ধ্বংস করে দেয়, যার ফলে দুই দেশ প্রায় যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। পরে পাকিস্তানি কমান্ডারদের অনুরোধে ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়।

 

সেনাপ্রধান আরও বলেন, ‘অপারেশন সিন্দুর’-এর সময় ভারত কোনো নিরীহ জীবন বা সামরিক স্থাপনার ক্ষতি না করার সিদ্ধান্ত নিয়েছিল এবং শুধুমাত্র সন্ত্রাসীদের গোপন আস্তানা, প্রশিক্ষণ কেন্দ্র ও তাদের মূল হোতাদের নির্মূল করার ওপর জোর দিয়েছিল। তিনি বলেন, ভারত এই অভিযানের প্রমাণ বিশ্বের সামনে তুলে ধরেছিল, যা না করলে পাকিস্তান সত্য লুকিয়ে ফেলত।

 

অনুষ্ঠানে তিনি ‘অপারেশন সিন্দুর’-এর সময় বিশেষ অবদানের জন্য তিনজন কর্মকর্তাকে সম্মানিত করেন।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন