খেলাধুলা, অন্যান্য খেলা

পাকিস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জুনিয়র এশিয়া কাপ হকিতে ছেলেদের দল প্রত্যাশা পূরণ করতে না পারলেও দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশের মেয়েরা। চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে রোববার (৬ সেপ্টেম্বর) পাকিস্তানকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশ। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে জুনিয়র এশিয়া কাপের চ্যালেঞ্জার পুলের শীর্ষে রয়েছে লাল-সবুজের মেয়েরা।

 

পাকিস্তানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। ম্যাচের নবম মিনিটেই ফিল্ড গোল করে দলকে এগিয়ে দেন নূপুর। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন নাদিরা এমা।

 

দুই গোল হজমের পর রক্ষণ আরও শক্ত করার চেষ্টা করে পাকিস্তান। তবে বাংলাদেশের আক্রমণের গতি থামাতে পারেনি তারা। ৩৩তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন সারিকা রিমন।

 

৪১তম মিনিটে পাকিস্তানের হয়ে একটি গোল শোধ করেন সারিকা। তবে সেই গোলেও ছন্দ হারায়নি বাংলাদেশ। মাত্র দুই মিনিট পরই কণা আক্তারের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪-১।

 

ম্যাচের শেষদিকে পাকিস্তানের জালে আরও একবার বল পাঠায় বাংলাদেশ। ৫৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলের পঞ্চম গোলটি করেন আইরিন আক্তার। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

 

এবার দ্বিতীয়বারের মতো মেয়েদের জুনিয়র এশিয়া কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। ২০২৪ সালের আসরে নবম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল দলটি। প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

 

দশ দলের এবারের আসরে চ্যালেঞ্জার পুলে বাংলাদেশের সঙ্গে রয়েছে কাজাখস্তান, পাকিস্তান, চাইনিজ তাইপে ও হংকং। অন্যদিকে এলিট পুলে স্বাগতিক চীনের পাশাপাশি খেলছে জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।

 

চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল এবং এলিট পুলের পাঁচ দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে। আর চ্যালেঞ্জার পুলের চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা দুই দল মুখোমুখি হবে নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচে।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন