আরব সাগরে বিধ্বস্ত হওয়া পাকিস্তানি কার্গো বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ১২ ঘণ্টা ধরে সাগরের বিশাল এলাকাজুড়ে টানা তল্লাশি ও উদ্ধার অভিযান চালানোর পর পাকিস্তানি কর্তৃপক্ষ বিমানটির সন্ধান পায়। তবে বিমানে থাকা ৫ জন ক্রু সদস্য এখনও নিখোঁজ রয়েছেন।
পাকিস্তানের ওরমারা উপকূল থেকে প্রায় ৫৩ নটিক্যাল মাইল দক্ষিণে সাগরের বুকে কে-টু এয়ারওয়েজের বোয়িং ৭৩৭-৪০০ মডেলের ওই কার্গো উড়োজাহাজটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।
জানা গেছে, পণ্যবাহী এই উড়োজাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচি শহরের দিকে আসছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই মাঝপথে বিমানটি বড় দুর্ঘটনার শিকার হয়। নিয়ন্ত্রণকক্ষের সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঠিক আগে পাইলট বিমানটির নেভিগেশন বা দিকনির্দেশনা সিস্টেমে মারাত্মক ত্রুটি দেখা দেওয়ার কথা জানিয়েছিলেন। এরপরই রাডার থেকে বিমানটির সংকেত হারিয়ে যায় এবং এটি সাগরে আছড়ে পড়ে।
বিমানটি রাডার থেকে নিখোঁজ হওয়ার পরপরই করাচি উপকূল এবং এর আশেপাশের সাগরে ব্যাপক তল্লাশি শুরু করে পাকিস্তানের উদ্ধারকারী দলগুলো। নৌবাহিনী এবং অন্যান্য উদ্ধারকর্মীরা বিশাল এলাকাজুড়ে তাদের এই অভিযান অব্যাহত রাখেন। দীর্ঘ সময় পর অবশেষে তাদের প্রচেষ্টা সফল হয় এবং সাগরের পানিতে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।
তবে এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানে থাকা ক্রুদের ভাগ্যে ঠিক কী ঘটেছে, সে বিষয়ে কর্তৃপক্ষের তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। বর্তমানে ধ্বংসাবশেষ উদ্ধারের পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে জোর তদন্ত শুরু করেছে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ডিবিসি/এসএস