আন্তর্জাতিক, ভারত

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিন্দুরে নিহত ৬ সেনার নাম প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত বছর পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিন্দুর’-এ কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ছয় বীর সেনার নাম প্রথমবারের মতো প্রকাশ করেছে সরকার। এদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর পাঁচজন এবং বিমান বাহিনীর একজন সদস্য রয়েছেন। বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ দেশের এই ছয় সূর্যসন্তানের নাম দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে স্থায়ীভাবে খোদাই করা হবে।

২০২৫ সালে বিভিন্ন সামরিক অভিযানে দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করা সকল সেনাদের প্রকাশিত তালিকার সাথেই এই বীরদের নাম প্রকাশ করা হয়। নিহতরা হলেন- সুবেদার মেজর পবন কুমার (সেনাবাহিনী), রাইফেলম্যান সুনীল কুমার (সেনাবাহিনী), ল্যান্স নায়েক দিনেশ কুমার (সেনাবাহিনী), অগ্নিবীর মুরালি নায়েক (সেনাবাহিনী), হাবিলদার সুনীল কুমার সিং (সেনাবাহিনী), সার্জেন্ট সুরেন্দ্র কুমার (ভারতীয় বিমান বাহিনী)।


জাতীয় যুদ্ধ স্মারকের ‘ত্যাগ চক্র’ অংশে এই বীরদের নাম অন্তর্ভুক্ত করা হবে। স্মারকের এই অংশে ১৬টি বৃত্তাকার গ্রানাইটের দেয়াল রয়েছে, যেখানে স্বাধীনতার পর থেকে দেশের জন্য শহীদ হওয়া প্রতিটা সেনার নাম, পদবি এবং ইউনিটের বিবরণ ইটের গায়ে খোদাই করে রাখা হয়। এবার অপারেশন সিন্দুরের এই ছয় বীরও সেই স্মৃতির চিরস্থায়ী অংশ হতে চলেছেন।


গত বছরের মে মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগামে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন প্রাণ হারান। ‘পহেলগাম হত্যাকাণ্ড’ নামে পরিচিত এই ঘটনার জবাবে গত বছর ৭ মে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি আস্তানাগুলো লক্ষ্য করে আকস্মিক বিমান ও সামরিক হামলা চালায় ভারত। ভারতের এই সামরিক পদক্ষেপেরই নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সিন্দুর’।


এই নামকরণের পেছনে গভীর প্রতীকী বার্তা ছিল। সনাতন ধর্মে 'সিন্দুর' বলতে বিবাহিত নারীদের লাল সিঁদুরকে বোঝায়। পহেলগাম হামলায় যেসব নারী তাদের স্বামীকে হারিয়ে বিধবা হয়েছিলেন, সেই অন্যায়ের প্রতিশোধ এবং ন্যায়বিচারের প্রতীক হিসেবেই এই অভিযানের নাম রাখা হয়েছিল ‘অপারেশন সিন্দুর’।


ভারতের এই হামলার পর পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া দেখায়, যার ফলে সীমান্তজুড়ে বিমান যুদ্ধ, ড্রোন হামলা এবং তীব্র গোলাবর্ষণ শুরু হয়। দুই দেশের মধ্যে চলা এই সামরিক সংঘাত টানা চার দিন স্থায়ী হওয়ার পর ১০ মে শেষ হয়।


সূত্র: এনডিটিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন