আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মীসহ নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় একটি নিরাপত্তা চৌকিতে ভয়াবহ গাড়িবোমা হামলায় ১১ জন নিরাপত্তাকর্মীসহ মোট ১২ জন নিহত হয়েছেন। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাজাউরের একটি জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত সেনা ও পুলিশের যৌথ নিরাপত্তা চৌকিতে এই হামলার ঘটনা ঘটে।

দেশটির সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরকবাহী একটি গাড়ি নিরাপত্তা চৌকির সীমানা প্রাচীরে সজোরে ধাক্কা দিলে এই বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ১১ জন নিরাপত্তাকর্মী এবং এক কিশোরী নিহত হন। বিস্ফোরণের তীব্রতায় চৌকির আশপাশের ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে এবং নারী ও শিশুসহ আরও ৭ জন আহত হয়েছেন।

 

আইএসপিআর তাদের বিবৃতিতে এই হামলার জন্য ‘ফিৎনা আল খারিজি’ বা তেহরিক-ই তালিবান পাকিস্তানকে (টিটিপি) দায়ী করেছে এবং তাদের ‘ভারতের মদতপুষ্ট’ বলে উল্লেখ করেছে। বিবৃতিতে আরও জানানো হয়, হামলার পর পালানোর সময় সেনা ও পুলিশ সদস্যদের গুলিতে এই গোষ্ঠীর ১২ জন সদস্য নিহত হয়েছে।

 

পাকিস্তানি সেনাবাহিনী টিটিপি-কে ‘ফিৎনা আল খারিজি’ হিসেবে অভিহিত করে থাকে। এই নিষিদ্ধ গোষ্ঠীটির মূল লক্ষ্য খাইবার পাখতুনখোয়াকে বিচ্ছিন্ন করে সেখানে আফগানিস্তানের আদলে তালেবানি শাসন প্রতিষ্ঠা করা।

 

উল্লেখ্য, ২০২১ সাল থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ২০২৪ সাল ছিল গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। ওই বছর দেশটিতে ৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে, যা পূর্ববর্তী বছরগুলোর তুলনায় ৪০ শতাংশ বেশি। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর (যথাক্রমে টিটিপি ও বিএলএ) তৎপরতা ও হামলার ঘটনা নাটকীয়ভাবে বেড়েছে।

 

সূত্র: আল জাজিরা

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন