আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তানে পুলিশ-জঙ্গির মধ্যে সংঘর্ষে ৩ পুলিশসহ নিহত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের উত্তর-পশ্চিম প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণ-পশ্চিম প্রদেশ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের পৃথক সংঘর্ষ ও অভিযানে অন্তত তিন পুলিশ কর্মকর্তা এবং ৪৪ জন জঙ্গি নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এসব অভিযানে আরও ১৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার গভীর রাতে খাইবার পাখতুনখাওয়ার হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপয়েন্টে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি)-সহ তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারান। তবে নিরাপত্তা বাহিনীর জোরালো পাল্টা প্রতিরোধে আটজন জঙ্গি নিহত হয় এবং বড় ধরনের হামলা নস্যাৎ করা সম্ভব হয়। এই নির্দিষ্ট সংঘর্ষটিতেই ১৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের সূত্র থেকে জানা গেছে।

 

অন্যদিকে, পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) জানিয়েছে, আফগান সীমান্ত সংলগ্ন খাইবার জেলায় একাধিক অভিযান চালিয়ে ২৪ জন জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি বেলুচিস্তানের নুশকি জেলায় চালানো এক পৃথক অভিযানে আরও আট জঙ্গি নিহত হয়েছে। আইএসপিআর আরও জানায়, অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও হাতে তৈরি বিস্ফোরক উদ্ধার করে ধ্বংস করা হয়েছে এবং পলাতক জঙ্গিদের ধরতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে পরবর্তী তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

 

এর বাইরে খাইবার পাখতুনখাওয়ার সোয়াত জেলায় চলমান অপর এক অভিযানে চার সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। পাকিস্তানের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সোয়াত একসময় জঙ্গি গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তবে ২০০৯ সালের এক বড় সামরিক অভিযানের পর সেখানে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে নতুন করে জঙ্গি হামলা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইসলামাবাদ এসব হামলার জন্য আফগানিস্তান-ভিত্তিক সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে দায়ী করে আসলেও, কাবুল প্রশাসন বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

 

সূত্র: আনাদোলু

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন