আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তানে বরযাত্রীর গাড়ি খালে পড়ে ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের কোট আদ্দু জেলায় বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে একটি দ্রুতগামী লোডার রিকশা মুজাফফরগড় খালে পড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন শিশু রয়েছে। সোমবার রাতে ২৪ জন যাত্রী নিয়ে রিকশাটি খালে পড়ে যায় বলে মঙ্গলবার নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, সোমবার রাতে তিনটি লোডার রিকশায় করে বিয়ের যাত্রীরা কোট আদ্দু জেলার লোমার ওয়ালা থেকে বস্তি আরাইনের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সানাওয়ানের শেখো সুগার মিলের কাছে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশা মুজাফফরগড় খালে পড়ে যায়। দুর্ঘটনার পর তিনজন যাত্রী নিজেরাই খাল থেকে উঠে এসে রেসকিউ ১১২২-কে খবর দেন। পরবর্তীতে স্থানীয় লোকজন ও রেসকিউ ১১২২-এর কর্মীরা মিলে ছয়জনকে জীবিত এবং তিনটি মরদেহ উদ্ধার করেন।

 

মঙ্গলবার উদ্ধার অভিযান অব্যাহত থাকার পর কোট আদ্দু রেসকিউ ইনচার্জ ওসামা জিশান জানান, খাল থেকে আরও নয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে, ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ বাকিদের উদ্ধারে এখনও অভিযান চলছে। কোট আদ্দু ও মুজাফফরগড় জেলার আটজন ডুবুরি এবং ২২ জন সাঁতারু স্থানীয়দের সহায়তায় এই অভিযানে অংশ নিচ্ছেন। জিশান আরও জানান, ঘটনাস্থল থেকে ৫, ৭, ১৫ এবং ২০ কিলোমিটার দূর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকর্মীরা খালের ৩২ কিলোমিটার অংশ জুড়ে তল্লাশি চালিয়েছেন।

 

মুজাফফরগড় খালটি ১২ থেকে ১৫ ফুট গভীর এবং ১০০ থেকে ১২০ ফুট চওড়া। এতে পানির প্রবাহ ২৫০০ থেকে ৪০০০ কিউসেকের মধ্যে থাকে, যা কোট আদ্দু ও মুজাফফরগড় এলাকার আট লাখ একর জমিতে সেচ সুবিধা প্রদান করে। উল্লেখ্য, এর আগে চলতি বছরের শুরুতে পাঞ্জাবের লোধরান জেলায় বিয়ের যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত চারজন নিহত এবং ২৮ জন আহত হয়েছিলেন।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন